পুনরায় ফেসবুক ও ইনস্টাগ্রাম বিভ্রাট

৯ অক্টোবর, ২০২১ ১০:০০  
আবারও ফেসবুক এবং এর অন্যান্য অ্যাপ ডাউন ছিলো। যদিও তাৎক্ষণিকভাবে বিষয়টি খুব বেশি ধরা পড়েনি, তবে ফেসবুক ও ইনস্টাগ্রাম উভয়ই স্বীকার করেছে যে কিছু ব্যবহারকারী তাদের সেবা অ্যাক্সেস করতে ভোগান্তিতে পড়েছেন। খবর এনগ্যাজেট। ডাউন ডিটেক্টর ওয়েবসাইটের মতে, শুক্রবার ইটি সময় বিকাল তিনটার দিকে ফেসবুক, ইনস্টাগ্রাম, হোয়াটসঅ্যাপ এবং মেসেঞ্জার ব্যবহারে ভোগান্তিতে পড়েন। যদিও সাইটের আউটেজ ম্যাপের তথ্যমতে সকল ব্যবহারকারী সমানভাবে এই ভোগান্তিতে পড়েন নি। এক বিবৃতিতে ফেসবুকের একজন মুখপাত্র বলেন, “আমরা জানতে পেরেছি যে কিছু ব্যক্তি এবং ব্যবসায় প্রতিষ্ঠান ফেসবুকসহ আমাদের বিভিন্ন সেবা ব্যবহার করতে পারছেন না। বিষয়টি সমাধানে কোম্পানি কাজ করছে”। তবে তিনি সমস্যা কেনো হয়েছে সেটি বিস্তারিত বলেননি। এর আগে গত বুধবার কোম্পানিটি বছরের সবচেয়ে বড় সমস্যার সম্মুখীন হয়। ফেসবুকসহ এর সকল সেবা প্রায় ৬ ঘন্টার জন্য বন্ধ ছিলো। ডিএনএস সার্ভারের সাথে সম্পর্কিত ভুল কনফিগারেশনের কারণে এই সমস্যা তৈরি হয় বলে জানিয়েছিলো ফেসবুক। ডিবিটেক/বিএমটি